শিরোনাম

South east bank ad

বিমানবাহিনী প্রধানের জার্মানি-চেক প্রজাতন্ত্র সফর

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন   |   বিমান প্রধান

বিমানবাহিনী প্রধানের জার্মানি-চেক প্রজাতন্ত্র সফর
জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

আইএসপিআর জানায়, গ্রোব এয়ারক্রাফট এসই-এর আমন্ত্রণে গত ১৮-২০ অক্টোবর তিনি জার্মানি সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান জার্মানির টুসেনহাউজেন-মাটসিসে অবস্থিত গ্রোব এয়ারক্রাফট এসই-এর উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
এ ছাড়া কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশনে অংশ নেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসব কার্যক্রম বিমান বাহিনীতে ব্যবহৃত গ্রোব এয়ারক্রাফটের সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে।

তিনি জার্মানির রোথেনবাখ আ ডের পেগনিৎসে অবস্থিত ডিল ডিফেন্সের এমএসএএন উৎপাদন কেন্দ্রও সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া চেক প্রজাতন্ত্রের বিমান বাহিনীর কমান্ডার এবং ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান গত ২০-২৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র সফর করেন।
এ সফরকালে তিনি ‘ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এর চতুর্থ আসরে যোগ দেন। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলনে আধুনিক যুদ্ধের বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষ, যেমন মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, অত্যাধুনিক প্যাসিভ ও অ্যাকটিভ সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রয়োগ, আর্মড ইউএভি ও কাউন্টার-ড্রোন প্রযুক্তির পরিচালনা এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।..
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: