প্রিজন ভ্যানে গাড়ির ধাক্কায় আহত পলক, চাইলেন চিকিৎসার সুযোগ
জুলাই আন্দোলনের মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন। তবে গত রবিবার প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে ঘাড়ে আঘাত পাওয়ার কথা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে চিকিৎসা চেয়ে আদালতে আবেদন করতে বলেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার কারাবন্দি আসামি জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে আদালতে হাজির করা হয়। পরে তাদের ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ তোলা হয়। এসময় আসামিপক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, চিকিৎসা পেয়ে আমাকে আদালতে আবেদন করতে বলেছেন।
এর আগে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তিও। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


