শিরোনাম

South east bank ad

মুজিবনগরে আনসারের সঞ্জীবন প্লাটুন গঠন ও বীর সদস্যদের সম্মাননা

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন   |   দেশ

মুজিবনগরে আনসারের সঞ্জীবন প্লাটুন গঠন ও বীর সদস্যদের সম্মাননা
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মুজিবনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী দ্বৈত আয়োজন।

একদিকে নবগঠিত ‘সঞ্জীবন প্লাটুন’-এর কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে, অন্যদিকে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারী জীবিত দুই আনসার সদস্যকে সম্মাননা জানানো হয়েছে।
 

মঙ্গলবার (৩০ জুন) সকালে মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন শেখ ও সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে তাদের দেওয়া গার্ড অব অনার।
যা জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল-আমিন।

তিনি ১৯৭১ সালের সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে বলেন, স্বাধীনতার সূচনালগ্নে আনসার বাহিনীর সদস্যরা যে সাহস, দেশপ্রেম ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছিলেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)।

তিনি বলেন, ‘আজ আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই বীর সদস্যদের, যারা মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেছিলেন। তাদের সাহসিকতা ও দেশপ্রেম স্বাধীনতার ভিত্তিকে আরও সুদৃঢ় করেছিল।

আনসার বাহিনীর ইতিহাসে এটি এক অনন্য গৌরবের অধ্যায়। এই সম্মাননা শুধু একটি স্মারক নয়, বরং তাদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের অঙ্গীকার’।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের আনসার সদস্যদের মুক্তিযুদ্ধের এই গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সঞ্জীবন প্লাটুন গঠন, প্রকল্প নির্বাচন ও সদস্যদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সঞ্জীবন প্লাটুনের লক্ষ্য, কর্মপরিধি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথি আব্দুস সামাদ বলেন, ‘সঞ্জীবন প্লাটুন’ গঠনের মূল উদ্দেশ্য হলো জনসংখ্যার চাপ, সীমিত কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে দক্ষ, সংগঠিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা’।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ স্বেচ্ছাসেবী সদস্য দেশের বৃহত্তম সংগঠিত জনশক্তির প্রতিনিধিত্ব করে।

বাহিনীর কার্যক্রম এখন শুধু নিরাপত্তা সহায়তায় সীমাবদ্ধ নেই; বরং দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কমিউনিটি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ জনশক্তিকে কাজে লাগানো গেলে এটি একটি কার্যকর ও টেকসই কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন মডেলে পরিণত হতে পারে।

মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ ৯ আনসার ব্যাটালিয়নের পিভিএমএস সাজ্জাদ মাহমুদ।
BBS cable ad