বান্দরবানে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
সোমবার কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার ইয়াবা থানায় হস্তান্তর করার পাশাপাশি উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছে বিজিবি।


