রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি এলজি, সিসা কার্তুজ, রামদা ও ছোরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা এলাকায় নির্মীয়মাণ একটি মাদরাসার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পূর্ব রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) ও মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপারের নির্দেশে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে রাতে বিশেষ টহল চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছেন—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল, মোবাইল-৮ ডিউটিতে থাকা এসআই মো. আবু সাইদ ও তাঁর সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মেজবাহ উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পূর্ব রাউজানের বদিউল আলমের ছেলে মো. রায়হান (৩০), আব্দুল মান্নানের ছেলে তপু মোস্তফা (১৯), বদিউল আলমের ছেলে আরিফ (২৫), মৃত জামালের ছেলে আবছার ওরফে ছোট আবছার (২৪), আলাউদ্দিনের ছেলে মহসিন (২৫) এবং হেলাল ওরফে বুরুজ মিয়ার ছেলে জাহেদসহ (৩৫) অজ্ঞাতপরিচয় আরো ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।
পরে গ্রেপ্তার তিনজনকে তল্লাশি করে তাঁদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সিসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি নিয়ে সমবেত হওয়া এবং অবৈধ অস্ত্রশস্ত্র হেফাজতে রাখার অভিযোগে রাউজান থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


