রাজধানীর হাজারীবাগে পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
রাজধানীর হাজারীবাগ মৌজার প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার (১৯ মার্চ) ৩৭নং নবাবগঞ্জ, লালবাগে অর্পিত সম্পত্তির ওপর অবস্থিত মার্কেট এবং বাড়ি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা জেলা প্রশাসক মমিনুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ৩৭নং নবাবগঞ্জ, লালবাগে অর্পিত সম্পত্তির ওপর অবস্থিত মার্কেট এবং বাড়ি অবৈধ দখলদারদের কবল থেকে শনিবার (১৯ মার্চ) উদ্ধার করা হয়। সরকারি সম্পত্তিটির বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এম লেনিন।
এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রহমান জানান, সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


