নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর
বুধবার (৩ জুন) পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bomme। বুধবার অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি টেকসই পানি ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস ভূপ্রকৃতিগতভাবে অনেকটাই একই ধরনের বৈশিষ্ট্য বহন করে। ডেল্টা পরিকল্পনা বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই নদী ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নে ডাচ সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ওয়াটার অ্যান্ড ক্লাইমেট) ইংআ ক্লাসেনও সাক্ষাতে অংশ নেন।


