সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে: ববি হাজ্জাজ
বুধবার (৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে, যাতে শিক্ষার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করা যায়।
আজ The Aga Khan Academy Dhaka পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা নিয়ে আয়োজিত স্টুডেন্ট এক্সিবিশন ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু ভালো ফল নয়, চিন্তা, উদ্ভাবন ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করবে। তিনি আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই যেন জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সমান সুযোগ পায়।
ববি হাজ্জাজ শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থী-কেন্দ্রিক কার্যক্রমের প্রশংসা করেন এবং দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।


