শিরোনাম

South east bank ad

১ কোটি ৭ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, ব্যাগ ও জুতা দেবে সরকার

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

১ কোটি ৭ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, ব্যাগ ও জুতা দেবে সরকার
সোমবার (৮ জুন)  দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৭ লাখ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুলাই মাসে একটি পাইলট কর্মসূচি চালুর প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা সরবরাহের একটি বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর প্রথম ধাপে কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে পাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৫ লাখ পাটের স্কুল ব্যাগ সরবরাহে সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় উপজেলা ও স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের কাছে দ্রুত সামগ্রী পৌঁছে দিতে সহায়তা করবে।

তিনি বলেন, সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী পাইলট কর্মসূচি শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে লক্ষাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে চার লাখের বেশি শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, পাইলট কর্মসূচির সফল বাস্তবায়নের ভিত্তিতে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: