প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টিভি সম্প্রচারের উদ্যোগ
মঙ্গলবার (৯ জুন) দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান, নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিভা জাতীয় পর্যায়ে তুলে ধরতে আগামী বছর থেকে টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ ঢাকার মিরপুর পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা চমৎকার পরিবেশনা উপস্থাপন করছে। তাদের সৃজনশীলতা ও দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা কোনো অংশেই পিছিয়ে নয়। তাদের মধ্য থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সৃজনশীল নেতৃত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
আগামী বছর থেকে প্রতিযোগিতাগুলো আরও বৃহৎ পরিসরে আয়োজনের ঘোষণা দিয়ে ববি হাজ্জাজ বলেন, এসব প্রতিযোগিতা টেলিভিশনে সম্প্রচার করা হবে, যাতে সারা দেশের মানুষ প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা উপভোগ করতে পারে। একই সঙ্গে পুরস্কারের পরিধিও বাড়ানো হবে।
বিদ্যালয়গুলোকে উৎসাহিত করতে নতুন প্রণোদনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী বড় পুরস্কার অর্জন করলে শিক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের জন্যও বিশেষ অনুদানের ব্যবস্থা করা হবে। এতে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আরও উৎসাহিত হবেন।
উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান। স্থানীয় প্রতিযোগিতায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে উৎসবমুখর পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


