রোহিঙ্গা সংকট ও বাণিজ্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের
শনিবার (১৮ জুলাই) বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। এ লক্ষ্যে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘Long Live Bangladesh-China Friendship’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। চীনের প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তিনি বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ, চীন–মিয়ানমার–বাংলাদেশ সড়ক যোগাযোগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চীন আগ্রহী এবং রোহিঙ্গা সংকটের সমাধানেও সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।


