গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থার পরিবর্তনের আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
মোরাল প্যারেন্টিং পরিবারের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলনমেলায় গ্রাম ও কৃষকের উন্নয়নে সমাজব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি মিলনায়তনে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষি ও গ্রামের সঙ্গে সম্পৃক্ত। তাই গ্রাম ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, ওহাবী ও ফারায়েজী আন্দোলনের কথা উল্লেখ করে বাঙালির সংগ্রামী ঐতিহ্যের কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রথাগত সনদনির্ভর শিক্ষার পাশাপাশি জীবনমুখী ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি মোরাল প্যারেন্টিং ট্রাস্টের মানবিক ও মূল্যবোধভিত্তিক কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটির ১০ বছরের পথচলাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সম্মানিত অতিথি এবং সরকারের সচিব মো. ওবায়দুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তারা মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করে এর কার্যক্রম আরও বিস্তারের আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মোরাল প্যারেন্টিং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


