জনগণই দেশের প্রকৃত মালিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য ও দারিদ্র্যমুক্ত, মর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশের দৃশ্যমান পরিবর্তন ঘটাতে সরকার বদ্ধপরিকর। চট্টগ্রামের চলমান উন্নয়ন একদিন ইতিহাস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী-নালা ও খাল-বিলের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা জরুরি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সেখানে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দরিদ্র মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কাজ করছে। বক্তব্য শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।


