২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমলো ২৪,৮৩০ টাকা
মঙ্গলবার (২১ জুলাই) সরকার ২০২৭ সালের হজের জন্য সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে গত বছরের তুলনায় বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
তিনি বলেন, ২০২৭ সালের হজে সৌদি সরকারের নতুন ব্যবস্থাপনায় আবাসন, যাতায়াত, তাঁবু ও ক্যাটারিং সমন্বিতভাবে পরিচালিত হবে। এছাড়া হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করায় হজযাত্রীদের সেবার মান আরও উন্নত হবে।
ধর্মমন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা এবার যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও হজ ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।


