নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর প্রাথমিক শিক্ষায়: ববি হাজ্জাজ
মঙ্গলবার (২১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী প্রজন্মকে প্রযুক্তি থেকে দূরে রাখা নয়, বরং নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।
আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘ডিজিটাল জেন্ডার নরমস’ বিষয়ক জাতীয় শিখন-অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় ভ্যালু-বেইজড এডুকেশন, ডিজিটাল সেফটি, লাইফ স্কিল, জেন্ডার সংবেদনশীলতা এবং নাগরিক মূল্যবোধকে নতুন কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে ইউনেস্কোসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে।
তিনি জানান, ধাপে ধাপে শ্রেণিকক্ষে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ব্যবস্থা চালু, শিক্ষকদের জন্য ট্যাব এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব ডিজিটাল ডিভাইস সরবরাহের পরিকল্পনা রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, ডিজিটাল হয়রানি ও চরিত্রহনন উদ্বেগজনক। বিশেষ করে নারী ও কিশোরীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই ডিজিটাল প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিশু-নারীদের সুরক্ষায় কার্যকর নীতিমালা বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, শিশুদের নিরাপদ বিকাশ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকার উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।


