মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
মঙ্গলবার (২১ জুলাই) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
আজ মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গত ২ মার্চ সিলেট থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে এখন জাতীয় পর্যায়ের আয়োজন শুরু হয়েছে। এ আসরের পর্দা নামবে আগামী ২৭ জুলাই।
তিনি বলেন, প্রথম আসরে ৮টি ইভেন্ট থাকলেও দ্বিতীয় আসরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ১ জুলাই থেকে নিবন্ধন শুরু হয়েছে এবং এবার ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে সারা বছরব্যাপী তৃণমূল পর্যায়ে খেলাধুলা পরিচালিত হবে।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের বিকেএসপির মাধ্যমে উচ্চতর শিক্ষা ও পেশাদার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।


