বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে সরকার উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তি খাতের বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহারকারী দেশের পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন এবং রপ্তানিতে ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সরকারের ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দেশের তরুণরাই এ খাতের নেতৃত্ব দিতে সক্ষম এবং তাদের উদ্ভাবন ও গবেষণায় প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে।
ফকির মাহবুব আনাম বলেন, BEAR সামিটে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পখাতের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ বাংলাদেশের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। তাঁর ভাষায়, এটি শুধু একটি সম্মেলন নয়, দেশের ডিপ-টেক খাতের অগ্রযাত্রার একটি নতুন সূচনা।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ ও উদ্ভাবন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসাইন, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


