শিরোনাম

South east bank ad

হাসপাতালে এসি চুরির ঘটনায় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন   |   মন্ত্রী

হাসপাতালে এসি চুরির ঘটনায় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

রবিবার (২৬ জুলাই) সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ  সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মন্ত্রী এসব নির্দেশনার কথা জানান।

মন্ত্রী হাসপাতালের রান্নাঘর, পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, চিকিৎসক-কর্মকর্তাদের হাজিরা খাতা এবং ওয়াশরুম ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি সম্পদ চুরির ঘটনায় দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিষয়েও কঠোর অবস্থান নেন মন্ত্রী। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী আরও নির্দেশ দেন, হাসপাতালের ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে হবে এবং এসব কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। শিগগিরই প্রকল্পের মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হবে। এ ছাড়া হাসপাতালের জন্য ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। সেখানে পৃথক নারী ও পুরুষ প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: