নিজেই প্রশিক্ষক হয়ে মাঠ প্রশাসনকে প্রশিক্ষণ দিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রবিবার (২৬ জুলাই) প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন, কার্যকর মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি নিজেই প্রায় ছয় ঘণ্টাব্যাপী তিনটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রশাসনিক সংস্কার, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ রূপকল্প নিয়ে দিকনির্দেশনা দেন।
সিলেট পিটিআইয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শতভাগ কার্যকর শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। তিনি মাঠপর্যায়ের প্রকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা ও অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
ববি হাজ্জাজ বলেন, ভবন নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীরা বাস্তবে কতটুকু শিখছে। তাই বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষে সরাসরি 'লার্নিং অডিট' পরিচালনার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
তিনি জানান, আগামী বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী ও নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা কর্মকর্তাদের কর্মদক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও কঠোরভাবে মূল্যায়ন করা হবে।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


