ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ।
রবিবার (৩০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান-স্টপ সার্ভিস চালু ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ অংশীদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপি প্রতিনিধিকে অবহিত করেন। তিনি ভূমিসেবা ডিজিটালাইজেশনকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে বলেন, ডিজিটাল সেবা জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ায়। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও অনেকাংশে কমে যায়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত, দুর্যোগ সহনশীলতা জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া তার জন্য গর্বের। আগের অর্জনগুলোকে এগিয়ে নিয়ে মানুষের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরিতে বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করতে চান তিনি।
সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


