ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু
রাজধানীর ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ধউর ব্রিজে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সেতু দুটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করবে। প্রকল্পটির প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে আরও একটি বড় অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
সেতু দুটি টোলমুক্ত থাকবে। একটি দিয়ে ধউর থেকে আশুলিয়া এবং অন্যটি দিয়ে আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সেতু চালুর ফলে ঢাকা-আশুলিয়া করিডোরে যানজট কমার পাশাপাশি শিল্পাঞ্চলের পণ্য ও মানুষের চলাচল আরও সহজ হবে।


