শিরোনাম

South east bank ad

ঢাকায় শুরু টেক্সটাইলের আন্তর্জাতিক প্রদর্শনী

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকায় শুরু টেক্সটাইলের আন্তর্জাতিক প্রদর্শনী
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’।  বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে এবারের প্রদর্শনীতে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ২৫তম টেক্সটেক বাংলাদেশ, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ। এসব আয়োজনে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যাল ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি ২ হাজার ২৪৫টির বেশি বুথ নিয়ে অংশ নিচ্ছে। এতে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থীর সমাগমের আশা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি টেক্সটাইল ও পোশাকশিল্পের উদ্ভাবন, টেকসই উৎপাদন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, বাণিজ্য ও লজিস্টিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা উন্নয়ন নিয়ে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এবারের প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। সেখানে এআই ও অটোমেশন, স্মার্ট ফ্যাক্টরি, আইওটি, ইন্ডাস্ট্রি ৪.০, ডেটা অ্যানালিটিকস, ক্লাউড, সাইবারসিকিউরিটি ও টেকসই উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনী চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: