নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন তারেক রহমান: রুমন
এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অমানসিক নির্যাতন চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুমন বলেন, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের পর তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তিনি সেই দুঃসহ দিনগুলোর কথা মনে রাখতে চান না। তাই প্রতিশোধের রাজনীতি না করে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়াই তাঁর প্রত্যাশা।
তিনি বলেন, অতীতের প্রতিশোধ নিতে গেলে সরকারের সময়ও শেষ হয়ে যাবে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তাই ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর ভালো কাজগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আতিকুর রহমান রুমন আরও বলেন, অতীতে তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হয়েছে। ভবিষ্যতেও যাতে এ ধরনের ষড়যন্ত্র তাঁর ভালো কাজকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ উত্তরাঞ্চলের ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


