বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকতে চায় IsDB
বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (IsDB)। দেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে IsDB গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে কাজ চলছে।
তিনি বলেন, জনগণের চাহিদা পূরণ, যানজট কমানো, পরিবহনব্যবস্থার দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্পের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তির ব্যবহার জরুরি। এ ক্ষেত্রে IsDB-এর অর্থায়ন, অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় IsDB একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। সড়ক, রেল ও নৌপরিবহনের সমন্বিত ও টেকসই উন্নয়নে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


