ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: দুলু
ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না, আচমকা ভূমিকে কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদ ধ্বংস করে দিতে পারে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তাই ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ লক্ষ্যে মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ মানুষকে দক্ষ ও পরিপূর্ণ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পেলেই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।


