বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর সময়ে অর্থনীতি উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এসব খাত।
নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতেও জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান আবদুল মোমেন খানের অবদান স্মরণ করে মঈন খান বলেন, বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে নরসিংদীতেও দলটির সাংগঠনিক কার্যক্রম বিস্তার লাভ করে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।
মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; দলটি ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে। বিএনপির ৪৮ বছরের ইতিহাস এবং জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


