‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং চিত্রশিল্পীদের সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও বরেণ্য শিল্পীদের চিত্রকর্মে ঢাকার ইতিহাস-ঐতিহ্য ফুটে উঠেছে। অতীত ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করতে হবে।
অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঁচটি বিভাগে ১৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ঢাকাকে নিয়ে আঁকা ৪২টি চিত্রকর্মের জন্য ৪২ জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, ৩ থেকে ৯ সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে চিত্রকর্মগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে চিত্রকর্মগুলো নগর ভবনের ‘নগর জাদুঘরে’ স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।


