নাফ নদীর পোল্ডার পুনর্বাসন কাজ শেষ করা হবে
কক্সবাজারের টেকনাফে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক ও পোল্ডারসমূহের পুনর্বাসন কাজ সম্পন্ন করা হবে। সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ ও নদী খননসহ জনকল্যাণে সরকার কাজ করছে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পোল্ডারগুলোর পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বরাদ্দ ও সংশোধনের পরও প্রকল্পটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশ—সবকিছু বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ করা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পোল্ডার পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনসহ বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত হন।


