শিরোনাম

South east bank ad

ডাক বিভাগকে লাভজনক করতে চায় সরকার: মন্ত্রী

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন   |   মন্ত্রী

ডাক বিভাগকে লাভজনক করতে চায় সরকার: মন্ত্রী
ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বিশ্ব ডাক দিবস ২০২৬ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডাকসেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ডাক বিভাগে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি বিক্রির কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই। বরং এটিকে আরও আধুনিক ও লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, দেশব্যাপী বিস্তৃত পোস্ট অফিস নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাকসেবা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ডাকসেবার সংস্কার, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের সঙ্গে সমন্বয় এবং ফ্র্যাঞ্চাইজি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। দিবসটি উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়। ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পালিত ডাকসেবা সপ্তাহে ২৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং কক্সবাজার সমুদ্রসৈকতসহ ২৬টি স্থানে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবা মেলার আয়োজন করা হয়। এসব উৎসবে প্রায় ৪ হাজার ৬৪৩টি চিঠি ইস্যু করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও ডাকসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ‘নগদ’-এর প্রতিনিধিসহ মোট ২৯ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad