সামুদ্রিক খাতে বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘৮ম বিমক্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে সামুদ্রিক ও অফশোর শিল্পের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার প্রাকৃতিক নৌপথ এবং বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান শিপিং, বন্দর ব্যবস্থাপনা, সামুদ্রিক বাণিজ্য ও লজিস্টিকস খাতের বিকাশে বড় সুযোগ তৈরি করেছে। এ সম্ভাবনা কাজে লাগাতে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং পায়রা বন্দরের কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জাহাজ নির্মাণ, মেরামত, পুনর্ব্যবহার, মেরিন ইঞ্জিনিয়ারিং, সামুদ্রিক পরিবহন ও অফশোর জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান বৃদ্ধি সম্ভব। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণের মান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন জরুরি।
শেখ রবিউল আলম বলেন, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে পরিবেশগত ভারসাম্য রক্ষা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দায়িত্বশীল ব্যবস্থাপনা প্রয়োজন। এ খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বিমক্সের মতো আন্তর্জাতিক প্রদর্শনী প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ আকর্ষণ এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামাত এলাহী এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. শফিউল বারী।


