শিরোনাম

South east bank ad

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন   |   মন্ত্রী

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে টাকা দেওয়া যাবে না। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম চলছে। এ কর্মসূচির তথ্য সংগ্রহে প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করবেন। যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার নির্বাচন করা হবে। তাই কার্ড পেতে কারও কাছে তদবিরের প্রয়োজন নেই।

তিনি বলেন, তথ্য সংগ্রহের সময় কোনো যোগ্য পরিবার যাতে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। এ অর্থ নারীদের চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ব্যক্তিগত প্রয়োজন মেটানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: