প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়নের আহ্বান
জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাঁরা অন্যায়কে চিহ্নিত করার পাশাপাশি সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন ও ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টা সাফল্যের মূল চাবিকাঠি। একইভাবে খেলাধুলা সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ বরেণ্য সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


