South east bank ad

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন   |   অন্যান্য

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা
সোমবার (১০ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, সাহস ও গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অব.)।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আন্দোলন নিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস ও ত্যাগের মধ্য দিয়ে ন্যায়বিচার, সমতা, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করতে হবে। পাশাপাশি দায়িত্বশীল, জ্ঞানভিত্তিক ও ন্যায়সংগত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক বলেন, জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরা যে সাহস, ঐক্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আন্দোলনে নিহত ও আহতদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়।

আলোচনা সভায় আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা আন্দোলনের সময়কার অভিজ্ঞতা, প্রতিকূল পরিস্থিতি, সহযোদ্ধাদের সাহস এবং সাধারণ মানুষের সহযোগিতার কথা তুলে ধরেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানকে বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানের শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: