South east bank ad

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

 প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন   |   পুলিশ

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য


নারায়ণগঞ্জে নদীপথে ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে নৌ পুলিশের এক কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাত্রিকালীন টহলের সময় টহল নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কনস্টেবল মো. মহসিন সরদার (৪৩)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান। এর আগে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। কর্মসূত্রে তিনি বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশ ইউনিটে সংযুক্ত ছিলেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি টিম নিয়মিত রাত্রিকালীন টহলে বের হয়। সম্প্রতি নদীপথে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নজরদারি জোরদার করা হয়েছিল। টহল চলাকালে ঘন অন্ধকারের মধ্যে একটি চলন্ত বাল্কহেডের সঙ্গে নৌযানটির সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই টহল নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর টহল টিমের সদস্যরা প্রাণ বাঁচাতে সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে আশ্রয় নেন। তবে কনস্টেবল মহসিন গুরুতর আহত অবস্থায় নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান বলেন, ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহত সদস্যের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ ও নৌযানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।
BBS cable ad