স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
মঙ্গলবার (৯ জুন) ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টিম ও ডিপ্লোম্যাটিক কোর টিমের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী নিজেও ম্যাচে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রীতি ম্যাচে বাংলাদেশে কর্মরত তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়া, ইতালি, সুইডেন ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দল।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও সচেতনতা তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বাংলাদেশ একটি ফুটবলপ্রেমী জাতি—এই বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতে এবং স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও দেশের মানুষের ফুটবল উন্মাদনায় কোনো ঘাটতি নেই। বর্তমান সরকার ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পরিকল্পিতভাবে দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করছে। রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আনা হবে।
মো. আমিনুল হক জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ডেডিকেটেড ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি উইং’ চালু হয়েছে। এই উইংয়ের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়া বিনিময় কর্মসূচি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।


