দুদকের মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
বুধবার (১৭ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, কারাগারে থাকা সিয়ামকে আদালতে হাজির করা হয়েছিল। অভিযোগ গঠন শুনানির সময় আসামিপক্ষ কোনো অব্যাহতির আবেদন না করায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।
দুদকের অভিযোগে বলা হয়েছে, সিয়াম বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যহীন প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
একই সময়ে আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য তদন্তে উঠে আসে।
অন্যদিকে, আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি দুদক সিয়ামকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।


