চালকদের চোখ পরীক্ষায় গুরুত্ব দিলেন প্রতিমন্ত্রী
নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের সুস্বাস্থ্য ও ভালো দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভিশনস্প্রিং বাংলাদেশের ‘সি টু বি সেফ’ উদ্যোগের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, একজন চালকের হাতে স্টিয়ারিং থাকার সময় শত শত যাত্রীর জীবন তাঁর ওপর নির্ভর করে। তাই চালকের দৃষ্টিশক্তি ঠিক রাখা মানে শুধু একজন ব্যক্তিকে সহায়তা করা নয়, বরং অসংখ্য যাত্রীর জীবন সুরক্ষিত রাখা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে উন্নত অবকাঠামো, কার্যকর আইন প্রয়োগ ও ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি চালকদের নিয়মিত চোখ পরীক্ষা এবং প্রয়োজনীয় চশমা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, চালকদের লাইসেন্স প্রদান ও নবায়নের সময় দৃষ্টিশক্তি পরীক্ষা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দক্ষতা বৃদ্ধি ও পর্যাপ্ত বিশ্রামের বিষয়েও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সরকার, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ভিশনস্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন বলেন, বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার অন্যতম ঝুঁকির কারণ। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের সুযোগ বাড়ানো জরুরি।
তিনি জানান, ভিশনস্প্রিং ২০০৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ লাখ মানুষের কাছে রিডিং গ্লাস পৌঁছে দিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ‘সি টু বি সেফ’ কর্মসূচির আওতায় ৩০ হাজারের বেশি চালক ও পরিবহন শ্রমিকের চোখ পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষকে প্রয়োজনীয় চশমা দেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় আগামী দুই বছরে ৫০ হাজার বাস ও ট্রাকচালকের চোখ পরীক্ষা এবং ৩০ হাজার চশমা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ পরিবহন খাতের বিভিন্ন সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘প্রমোটিং রোড সেফটি থ্রু বেটার ভিশন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পরিবহন খাতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চালকদের চোখের স্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


