জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের টোকিওতে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা (Satsuki Katayama) এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির (Mimura Atsushi) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারত্বের বিষয়টি স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের অর্থায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে এবং নতুন চুক্তিও হচ্ছে।


