শিরোনাম

South east bank ad

মেরিন একাডেমিতে ভর্তিতে ছাড় নয়: নৌপরিবহন সচিব

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন   |   মন্ত্রী

মেরিন একাডেমিতে ভর্তিতে ছাড় নয়: নৌপরিবহন সচিব
দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ক্যাডেট ভর্তি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান এনডিসি। তিনি বলেছেন, দক্ষ নাবিক তৈরির ক্ষেত্রে প্রশিক্ষণের মান ও যোগ্যতা নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি মেরিন একাডেমির প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সচিব বলেন, দেশের তরুণদের জন্য কারিগরি পেশায় আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেরিন একাডেমিতে ভর্তিকৃত ক্যাডেটদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে বিশ্ববাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন।

সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তির আবেদন ও প্রক্রিয়াকরণসহ মোট চার্জ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ টাকা।

নৌপরিবহন সচিব বলেন, দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করাই এ খাতের প্রধান দায়িত্ব। এসব নাবিক ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এ জন্য প্রতিটি একাডেমিকে প্রশিক্ষণের গুণগত মান কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত একাডেমি প্রধানরা সচিবের নির্দেশনাকে স্বাগত জানান এবং বাংলাদেশের মেরিন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: