শিরোনাম

South east bank ad

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬, অংশ নেবে ২০টির বেশি দেশ

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬, অংশ নেবে ২০টির বেশি দেশ

শনিবার (১১ জুলাই) আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) প্রথমবারের মতো এ আন্তর্জাতিক আয়োজন করছে।

আজ ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ জানান, ট্রাভেল মার্টে বাংলাদেশসহ ২০টির বেশি দেশের ১৩০টিরও বেশি প্রদর্শক, ৫০ জন আন্তর্জাতিক হোস্টেড বায়ার, ২০০ জন দেশীয় বায়ার, শতাধিক পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তাকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে দেশের সংযোগ জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন ব্যবসা, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, আউটবাউন্ড পর্যটনের পাশাপাশি ইনবাউন্ড পর্যটন সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়েও সংগঠনটি কাজ করছে। বিটিএম ২০২৬ সেই দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল জানান, এবার প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস (B2B) ও বিজনেস-টু-কনজ্যুমার (B2C) কার্যক্রম পৃথক হলে অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল হোস্টেড বায়ার প্রোগ্রাম চালু করা হচ্ছে।

তিনি বলেন, B2B পর্বে আন্তর্জাতিক বায়ার-সেলার মিটিং, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ থাকবে। অন্যদিকে B2C পর্বে দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, পর্যটন তথ্য ও বিশেষ অফার সম্পর্কে সরাসরি জানতে পারবেন।





BBS cable ad

সারাদেশ এর আরও খবর: