রাজধানীতে পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মানিকদী আমতলা এলাকায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে চার কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পার্টি করার সময় অস্ত্রটি অন্যদের দেখানোর একপর্যায়ে অসাবধানতাবশত গুলি ছুটে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া, গ্রেপ্তার কিশোররা দীর্ঘদিন ধরে ওই অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। পাশাপাশি জড়িত চার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।


