কিশোরগঞ্জ জেলা প্রশাসকের জেলা কারাগার পরিদর্শন
"রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ"
অদ্য ২০ জুলাই ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন।
কারাগারে পৌঁছানোর পর জেলা প্রশাসককে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে স্বাগত জানান।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ। এরপর তিনি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন পুনর্বাসনমূলক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসক বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাদ্যের গুণগত মান, রান্নাঘরের স্বাস্থ্যবিধি এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিতভাবে তদারকির নির্দেশ দেন। একই সঙ্গে অসুস্থ বন্দিদের যথাসময়ে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং নির্ধারিত মান অনুযায়ী পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম আরও কার্যকর, মানবিক ও সেবামুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


