South east bank ad

মুন্সীগঞ্জ শহরে পুরাতন কাচারি ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জ শহরে পুরাতন কাচারি ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা


আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:০০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের পুরাতন কাচারি এলাকার ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান।

সভায় পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; প্রশাসক, জেলা পরিষদ, জনাব এ. কে. এম. ইরাদত; উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক জনাব গোলজার হোসেনসহ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, মুন্সীগঞ্জ শহরের ফুটপাত কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। শহরকে অবৈধ দখল ও অপরিকল্পিত স্থাপনার কারণে জঞ্জালের শহরে পরিণত হতে দেওয়া হবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও ফুটপাতের ওপর দখল নিজ নিজ দায়িত্বে স্বেচ্ছায় ও সুনাগরিকের দায়িত্ববোধ নিয়ে সরিয়ে নিতে হবে। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন—প্রশাসন এ বিষয়ে আশাবাদী।

জেলা প্রশাসক আরও বলেন, অল্প কিছু মানুষের ব্যবসায়িক সুবিধার জন্য মুন্সীগঞ্জ শহরের প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাত ও সড়কের জায়গা দখলের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং শহরে যানজট ও জনদুর্ভোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, জনসাধারণের স্বার্থ ও শহরের সার্বিক শৃঙ্খলার কথা বিবেচনা করে নির্ধারিত ও বৈধ স্থানে ব্যবসা পরিচালনা করতে এবং অবৈধ দখল স্বেচ্ছায় সরিয়ে নিয়ে প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করতে।

সভায় শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পুরাতন কাচারি এলাকার ব্যবসা-বাণিজ্যকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: