বরগুনায় স্বেচ্ছাসেবী নারী সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
বরগুনায় ২০২৫-২০২৬ অর্থবছরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
উপপরিচালক এর কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা সদর উপজেলার ৩১ টি সেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে ক,খ ও গ তিন ক্যাটাগরিতে স্বেচ্ছাধীন অনুদান বাবদ প্রাপ্ত ৮,২৪,৮০০ (আট লক্ষ চব্বিশ হাজার আটশত) টাকার চেক বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
উপপরিচালক জনাব রূপ কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী নারী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণকালে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাপ্ত অনুদানের অর্থ সঠিক ও গঠনমূলক কাজে ব্যবহার করে নারী সমাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সমিতিগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।


