জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নেত্রকোণা'র আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নেত্রকোণা'র আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নেত্রকোণা; সভাপতিত্ব করেন জনাব মুনমুন জাহান লিজা, উপপরিচালক(ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার, নেত্রকোণা ও প্রশাসক, নেত্রকোণা পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণা। জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এতে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সাক্ষরতা দিবসের গুরুত্বারোপ করে বলেন যে সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার দক্ষতা নয়; এটি মানুষের ক্ষমতায়ন, সচেতনতা, আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন, পরিবেশ ও পৃথিবী রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পিছিয়ে পড়া ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে সবাইকে নিয়ে একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


