ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’
“নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।
প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও বাসাবাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে নাগরিকদের সচেতন করা হয়। একই সঙ্গে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের নাগরিক এতে অংশ নেন।


