South east bank ad

সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে যাবে শিগগিরই

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন   |   মেয়র

সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে যাবে শিগগিরই
রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর)  কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি জেলার দূরপাল্লার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে নেওয়া হবে। পরে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, দূরপাল্লার বাস রাজধানীর মূল শহরে প্রবেশ না করলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধায় পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ চলছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রায় ১২ একর জায়গার ওপর নির্মাণাধীন টার্মিনালে ৪০৫টি বাসের ধারণক্ষমতা, ৩৭৮টি বাস পার্কিং, ২২টি বাস বে, পাঁচটি ওয়াশিং বে এবং ৪০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। যাত্রীদের জন্য ৪৮০ আসনের ওয়েটিং জোন, ১০৬টি টিকিট কাউন্টার এবং পুরুষ ও নারীদের জন্য যথাক্রমে ১০টি ও ছয়টি টয়লেট নির্মাণের ব্যবস্থা রাখা হয়েছে।

পরিদর্শনকালে কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।
BBS cable ad