শিরোনাম

South east bank ad

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভের পাশাপাশি অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামটর, সোনারগাঁও, পান্থপথ, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি-১৬, রোকেয়া সরণি ও বিজয় সরণির নির্ধারিত অংশও এর আওতায় থাকবে।

এ ছাড়া ইন্দিরা রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

BBS cable ad