নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন বিসিবির
টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠের খেলোয়াড় হিসেবে আমিনুল হকের নেতৃত্ব দেশের অসংখ্য সমর্থক ও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তাকে জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে, যা ক্রীড়াঙ্গনের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আমিনুল হকের মতো একজন খ্যাতিমান ক্রীড়াবিদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। ফলে খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা তিনি খুব ভালোভাবেই বোঝেন। আমি বিশ্বাস করি, তার ক্রীড়া জীবনের অভিজ্ঞতা দেশের সব খেলাধুলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’
বুলবুল আরো বলেছেন, ‘নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশের সর্বস্তরে খেলাধুলার প্রসার ও উন্নয়নে বিসিবি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যেন বাংলাদেশের ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে এগিয়ে যায় ও আরও বেশি সুযোগ পায়।
’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আমিনুল হক ঢাকা-১৬ আসনে জামায়াত প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) আব্দুল বাতেনের কাছে হেরে যান। তবে টেকনোক্র্যাট কোটায় আমিনুল নতুন মন্ত্রিপরিষদে জায়গা করে নিলেন।
বাংলাদেশে কোনো সাবেক ক্রীড়াবিদের নির্বাচনে পরাজিত হয়ে বা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার নজির খুব কম। স্বাধীনতার পর সাবেক তারকা ফুটবলার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রথম মন্ত্রিত্ব পান।
পরে সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হন।
সেই ধারাবাহিকতায় আমিনুল হক তৃতীয় সাবেক জাতীয় ফুটবলার হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়ে নতুন করে আলোচনায় এলেন।


