জিয়ার আমলেই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: পানিসম্পদ মন্ত্রী
বুধবার (১০ জুন) পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার ঘটে এবং কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই কর্মসূচি বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে পুনরুজ্জীবিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন এবং নিজেও সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ইতিহাস থেকে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা হলেও মানুষের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল, পুকুর ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এর ফলে পানির প্রবাহ বৃদ্ধি, কৃষিতে সেচ সুবিধা সম্প্রসারণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
পানিসম্পদ মন্ত্রী কৃষি ব্যাংককে দেশের আর্থিক খাতের একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, জনগণের ভাগ্যোন্নয়নে ব্যাংকটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও এটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীসহ অন্যান্যরা।


